গৃহপরিচারিকাকে নির্যাতন, গৃহকর্ত্রী আটক
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা শাহীবাজার এলাকায় শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৃহকর্ত্রী হালিমা বেগমকে আটক করা হয়েছে।
গৃহপরিচারিকার নাম সুমাইয়া (৬)। তার বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। সুমাইয়ার বাবা মোকসেদ গাছ কেটে লাকড়ি বানিয়ে বাজারে বিক্রি করেন। মা রিনা বেগম গৃহিণী।
পুলিশ সূত্রে জানা যায়, অভাব-অনটনের কারণে সুমাইয়া পাগলা শাহী মসজিদ এলাকার সৌদিপ্রবাসী আবদুল কুদ্দুসের বাড়িতে সাত-আট মাস আগে কাজ করতে আসে। গত বুধবার রাতে সে ঘর মোছার পরও ময়লা থেকে যাওয়ায় খুন্তি গরম করে শিশুটির গালসহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন হালিমা। শিশুটি যন্ত্রণায় ছটফট করতে করতে একপর্যায়ে ঘুমিয়ে পড়ে। গতকাল সকালে ময়লা ফেলতে বাড়ির বাইরে বের হলে আশপাশের লোকজন তার শরীরে খুন্তির ছ্যাঁকা দেখতে পায়। তার কাছে নির্যাতনের বিষয়টি জানলে এলাকাবাসী হালিমাকে আটকে করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সুমাইয়াকে উদ্ধার করে।
সুমাইয়া অভিযোগ করে, তাকে খাবার দেওয়া হতো না ঠিকমতো। প্রায়ই মারধর করা হতো। ব্যথায় কাতরালেও তাকে কোনো ওষুধ খেতে দেওয়া হয়নি। ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।