গৃহপরিচারিকাকে নির্যাতন শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। দুলু বেগম (২৯) নামে ওই গৃহপরিচারিকা গতকাল বুধবার দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি করেন।
মামলায় বরগুনা সদর উপজেলার জেলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা ওরফে মালা ও তাঁর সহযোগী মো. আল আমিনকে আসামি করা হয়েছে।
ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী মামলাটি আমলে নিয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, ২০১৫ সালের জুন মাস থেকে চার হাজার টাকা মাসিক বেতনে জাকিয়া সুলতানার বাসায় গৃহপরিচারিকার কাজ নেন দুলু বেগম। পরে গৃহকর্ত্রী অফিসের প্রশিক্ষণে পটুয়াখালী গেলে সেখানেও তাঁর সঙ্গে যান তিনি। প্রশিক্ষণ শেষে ফিরে আসার পর দুলু বেগম তাঁর পাওনা সাত মাসের বকেয়া বেতনের টাকা চান এবং ওই বাসার কাজ ছেড়ে দেবেন বলে জানান। পাওনা টাকা দেওয়ার বিষয়ে টালবাহানা করে আসছিলেন গৃহকর্ত্রী জাকিয়া সুলতানা। পরে বিষয়টি তাঁর পরিবারের লোকজনের কাছে জানালে তিনি (জাকিয়া সুলতানা) আরও ক্ষিপ্ত হন এবং বিভিন্ন সময়ে দুলু বেগম ও তাঁর সন্তানের ওপর শারীরিক নির্যাতন করেন।
পরে ১২ এপ্রিল দুলু বেগম কাজ ছেড়ে চলে আসার জন্য পাওনা টাকা চাইলে আল আমিন নামের এক ব্যক্তি ও গৃহকর্ত্রী মিলে দুলু বেগম ও তাঁর সন্তানকে মারধরে জখম করেন। এমনকি গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন।
দুলু বেগম বলেন, ‘বিষয়টি আমি স্থানীয় লোকজনের সহযোগিতায় ১৮ এপ্রিল বরগুনা সদর থানার পুলিশকে জানাই। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ‘ভুক্তভোগী দুলু আমাদের কাছে এসেছিল আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছিলাম কিন্তু কাউকে পাওয়া যায়নি।’ আদালতের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো আদালত থেকে কোনো নির্দেশনা পাইনি। তবে নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
অভিযোগের বিষয়ে জানার জন্য জাকিয়া সুলতানার মুঠোফোনে চার-পাঁচবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।