গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা
বরগুনায় নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহপরিচারিকা। আজ বুধবার দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১–এ মামলা করা হয়।
ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী মামলাটি আমলে নিয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে লিপিবদ্ধ করার আদেশ দিয়েছেন।
মামলার বাদী ওই গৃহপরিচারিকার নাম দুলু বেগম (২৯)। মামলায় বরগুনা সদর উপজেলার জেলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা ওরফে মালা ও তাঁর সহযোগী হিসেবে আল-আমিন নামের একজনকে আসামি করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, দুলু বেগম ২০১৫ সালের জুন মাস থেকে চার হাজার টাকা মাসিক বেতনে জাকিয়া সুলতানার বাসায় গৃহপরিচারিকার কাজ নেন। একপর্যায়ে জাকিয়ার কাছে সাত মাসের বকেয়া বেতন চান তিনি। জাকিয়া বেতন পরিশোধে গড়িমসি করছিলেন। বিষয়টি তিনি জাকিয়ার পরিবারের লোকজনকে জানান। এতে জাকিয়া ক্ষিপ্ত হন। এর জের ধরে ১২ এপ্রিল আল-আমিন নামের এক ব্যক্তিসহ জাকিয়া দুলু বেগম ও তাঁর সন্তানের ওপর শারীরিক নির্যাতন চালান। গরম খুনতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকাও দেওয়া হয়।
দুলু বেগম সাংবাদিকদের বলেন, ‘১৮ এপ্রিল বিষয়টি আমি স্থানীয় লোকজনের সহযোগিতায় বরগুনা সদর থানার পুলিশকে জানাই। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’
অভিযোগের বিষয়ে জানার জন্য জাকিয়া সুলতানার মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ‘ভুক্তভোগী দুলু আমাদের কাছে এসেছিলেন। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু কাউকে পাওয়া যায়নি।’
আদালতের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘এখনো আদালত থেকে কোনো নির্দেশনা পাইনি। তবে নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’