গৃহবধূ অগ্নিদগ্ধ, হত্যাচেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আছমা আক্তার (২৫) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
যৌতুক না পেয়ে ওই গৃহবধূকে তাঁর স্বামী শাহ আলম আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে শাহ আলম এ অভিযোগ অস্বীকার করেছেন। ওই দম্পতি আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন।
বাড়ির মালিক ফজলু মিয়া বলেন, যৌতুক নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। রাত সাড়ে ১১টার দিকে আছমা আক্তার আগুন আগুন বলে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন গিয়ে পানি ঢেলে আগুন নেভান এবং আছমাকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ওই দম্পতির সিয়াম (৬) নামের একটি ছেলে রয়েছে।
ফজলু মিয়া জানান, শাহ আলম আড়াইহাজার পৌরসভার শিবপুর গ্রামের হাসেমের ছেলে এবং আছমার বাড়ি উপজেলার গহরদী এলাকায়। শাহ আলম রাজমিস্ত্রির কাজ করেন। আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুজ্জামান জানান, আছমা আক্তারের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে শাহ আলম বলেন, ‘রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আগুনের তাপে তাঁর ঘুম ভাঙে। পরে তিনি দেখতে পান আগুনে তাঁর স্ত্রীর শরীর পুড়ে গেছে। বর্তমানে পলাতক রয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্ত্রীর চিকিৎসা করাচ্ছেন। তবে স্ত্রীর সঙ্গে ঝগড়া ও যৌতুক চাওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন। কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে শাহ আলম বলেন, ‘আমার ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।