গৃহবধূ ও কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে এক শিশুর হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম বিলকিস বেগম (৪২)। আর শিশুটির নাম চায়না খাতুন (১১)।

চাঁপাইনবাবগঞ্জ : গোবরাতলা ইউনিয়নের মহিপুর মুন্সিপাড়া গ্রামে কাইয়ুমের স্ত্রী ছিলেন বিলকিস। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান প্রথম আলোকে বলেন, রিকশাভ্যানচালক কাইয়ুমের পরিবারে অভাব-অনটন লেগেই থাকত। মাস খানেক ধরে কাইয়ুমের স্ত্রী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।


সদর থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে নিজের বাড়িতে নিলটনের (ঢালাইয়ের পাটাতন) সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিলকিসের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

সিরাজগঞ্জ : আজ সকালে বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের যমুনা নদীর একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় চায়না খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। তার বাবা উপজেলার ছোট বেড়াখাড়ুয়া গ্রামের জহুরুল ইসলাম।

কিশোরীর পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চায়নার বাবা তাঁতের কাজ করায় বাড়িতে থাকেন না। পাঁচ মেয়েকে নিয়ে চায়নার মা বাড়িতে থাকতেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফেরায় সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আজ সকালে স্থানীয় একটি খালে তার লাশ পাওয়া যায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কিশোরীটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।