গৃহবধূ ও ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে গত সোমবার রাতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ছাড়া উপজেলার সংগ্রামকেলী গ্রামে গত শনিবার এক স্কুলছাত্রীকে যুবলীগের এক নেতা ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নান্দাইল থানার পুলিশ সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রসুলপুর গ্রাম থেকে অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে (৩০) উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। থানায় বসে ওই গৃহবধূ অভিযোগ করেন, সাত বছর ধরে গাজীপুর শহরে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে বাস করছেন। তাঁদের পাশেই ভাড়া থাকতেন ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রবপুর গ্রামের রফিকুল ইসলাম।
সাত মাস আগে রফিকুল তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়ে বাসা ছেড়ে গ্রামের বাড়ি চলে যান। ওই টাকা আদায়ের জন্য তিনি সোমবার বিকেলে রফিকুলের গ্রামের বাড়িতে আসেন। কিন্তু সেখানে গিয়ে তিনি তাঁকে পাননি। ওই সময় তাঁর দেখা হয় আশ্রবপুর গ্রামের ফারুক ও সোহাগের সঙ্গে।
তাঁরা রফিকুলের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে একই গ্রামের আনোয়ার ও ভুট্টো মিয়াকে ডেকে আনেন। এর মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। পরে তাঁরা তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে রফিকুলের শ্বশুরবাড়ি রওনা দেন। কিন্তু সেখানে না নিয়ে তাঁরা রাত নয়টার দিকে তাঁকে রসুলপুর গ্রামের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন।
গতকাল আশ্রবপুর গ্রামে গিয়ে ওই চার ব্যক্তিকে তাঁদের বাড়িতে পাওয়া যায়নি। মুঠোফোনে ভুট্টো ও আনোয়ারের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে নান্দাইল উপজেলার সংগ্রামকেলী গ্রামে এক স্কুলছাত্রীকে তার বাড়ির শোবার কক্ষে ঢুকে শেরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাসিম উদ্দিন ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চিৎকার শুনে দরজা ভেঙে সেই কক্ষে ঢুকে ওই স্কুলছাত্রীর বাবা দা দিয়ে কুপিয়ে ওই নেতাকে গুরুতর জখম করেছেন।
ওই নেতা এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার মেয়েকে নিয়ে নান্দাইল মডেল থানায় এসে অভিযোগ দেন বাবা। গতকাল মঙ্গলবার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণ করতে ময়মমনসিংহ নেওয়া হয়েছে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শহীদুল্লাহ দাবি করেন, হাসিম উদ্দিন যুবলীগের কেউ নন। নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দী বলেন, মামলা দায়েরের পর ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণের জন্য তাকে বিচারিক হাকিমের আদালতে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন থাকায় হাসিম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ছোট ভাই জাহিদুল ইসলাম বলেন, তাঁর ভাইকে পান খাওয়ানোর জন্য ডেকে নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।