গৃহবধূ ও বৃদ্ধাকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর পক্ষের সন্তানদের বিরুদ্ধে আসমা খাতুন (৩২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার তাঁর মৃত্যু হয়। আসমা উপজেলার ভুবনগাতী গ্রামের আবু বক্কারের দ্বিতীয় স্ত্রী।
এদিকে পাবনার ভাঙ্গুড়ার পার ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে জায়েদা বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জায়েদা ওই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী।
আসমার পরিবার ও ধুনট থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবু বক্কার শেরপুরের মধ্যভাগ গ্রামের শুকুর আলীর মেয়ে আসমাকে দ্বিতীয় বিয়ে করেন। আবু বক্কারের প্রথম স্ত্রীর পক্ষের চার ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে আসমার বনিবনা হয়নি। পারিবারিক নানা বিষয় নিয়ে আসমার সঙ্গে তাদের মাঝেমধ্যেই ঝগড়া-বিবাদ হতো। স্বামী ও সন্তানদের সঙ্গে গত বুধবার তাঁর আবার ঝগড়া হয়। ওই দিন বিকেলে খাবার খেয়ে শরীরে বিষক্রিয়া হয়ে আসমা অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রতিবেশী লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
আসমার বড় ভাই আবদুস সোবাহান বলেন, ‘আমার বোনের স্বামী ও সতিনের সন্তানেরা বুধবার বিকেলে কৌশলে পান্তা ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এ কারণে বিষক্রিয়ায় আমার বোনের মৃত্যু হয়েছে।’ আসমা মারা যাওয়ার পর থেকে তাঁর স্বামী ও প্রথম স্ত্রীর সন্তানেরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভাঙ্গুড়া থানা-পুলিশ জানায়, জায়েদার ছেলে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি মায়ের সঙ্গে বাড়িতেই থাকতেন। বৃহস্পতিবার রাতে ছেলে বাড়িতে ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাঁকে তাঁর পরনের শাড়ি দিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। গতকাল সকালে স্থানীয় লোকজন ওই বাড়িতে গিয়ে তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।