গৃহবধূ ও ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌরসভায় গত মঙ্গলবার সন্ধ্যায় খাদিজা আক্তার (২২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছেন। একই দিন বরিশালের উজিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে খুন হয়েছেন সাখাওয়াত হোসেন সিকদার (৪২) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী।
থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের হাফিজুর রহমানের (৩৭) সঙ্গে দেড় বছর আগে দুর্গাপুর গ্রামের আফসার আলী খানের মেয়ে খাদিজার বিয়ে হয়। এটি ছিল হাফিজুরের দ্বিতীয় বিয়ে। হাফিজুর ও খাদিজার দুই মাস বয়সী একটি ছেলে রয়েছে। তাঁরা পিরোজপুর পৌরসভার মাছিমপুর মহল্লায় ভাড়া বাড়িতে বাস করতেন। মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত কারণে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে খাদিজাকে শ্বাসরোধে হত্যা করেন হাফিজুর। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাতে গিয়ে লাশ উদ্ধার করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, পুলিশ বিছানার ওপর খাদিজার মৃতদেহ পায়। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল দুপুরে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। খাদিজার মা লাকি বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলার একমাত্র আসামি হাফিজুরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
উজিরপুরে নিহত সাখাওয়াত হোসেন পেশায় চানাচুর বিক্রেতা ছিলেন। বাড়ি উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য কেশবকাঠি গ্রামে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাখাওয়াতের সঙ্গে একই গ্রামের ইউনুস সিকদারের (৪৫) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। দু-তিন দিন আগেও দুজনের মধ্যে হাতাহাতি হয়। সাখাওয়াত মঙ্গলবার সকালে চানাচুর বিক্রির জন্য বাড়ি থেকে বের হন। সকাল ১০টার দিকে উপজেলার বাগরারপাড় গ্রামের একটি চা দোকানের সামনে পৌঁছালে ইউনুস সিকদার, তাঁর ছেলে হায়দার আলী (২৮) ও তাঁদের দু-তিনজন সহযোগী সাখাওয়াতের ওপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে জখম করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী চা-দোকানের মালিক শামসুল হক মৃধা (৪৬) বলেন, মারের চোটে সাখাওয়াত অজ্ঞান হয়ে পড়েন। এরপরও মৃত্যু নিশ্চিত করতে হামলাকারীরা ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। হামলাকারীরা চলে গেলে এলাকাবাসী সাখাওয়াতকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মিনু বেগম গতকাল সকালে হত্যা মামলা করেছেন। এতে ইউনুস সিকদার, তাঁর স্ত্রী মালঞ্চ বেগম (৩২) ও ছেলে হায়দার আলীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।