গৃহবধূ ও হাত-মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুর গ্রামে একটি ইটভাটার পাশ থেকে গতকাল বৃহস্পতিবার চোখ-মুখ ও হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন নেত্রকোনা সদর উপজেলার ধারিয়া গ্রামে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
মির্জাপুরে উদ্ধার করা লাশটির পরিচয় পাওয়া যায়নি। বয়স ৩৫-৪০ বছর হবে। নেত্রকোনায় উদ্ধার করা লাশটি সুরমা আক্তারের (২৭)। তিনি ধারিয়া গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী। লাশটি উদ্ধারের পর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সকালে সোহাগপুর গ্রামে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন এএনবি ব্রিকস নামের একটি ইটভাটার পাশে এলাকার কয়েকজন লাশটি দেখতে পান। খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। লাশটির পরনে হাফ প্যান্ট, গায়ে শার্ট ও সোয়েটার ছিল।
মির্জাপুরে দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নিহত ব্যক্তির দুই চোখ ও মুখ গামছা দিয়ে এবং দুই হাতের কবজি লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার রাতের কোনো এক সময় শ্বাস রোধ করে হত্যার পর দুষ্কৃতকারীরা লাশ ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে। নিহতের পরিচয় বের করার চেষ্টা চলছে।
নেত্রকোনা মডেল থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় ব্যক্তিরা বাড়ির উঠানে সুরমার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর সোহাগ মিয়াসহ তাঁর পরিবারের লোকজন পালিয়ে গেছেন।
নেত্রকোনা মডেল থানার এসআই ত্রিদিব বীর বলেন, উদ্ধারের সময় মৃতদেহের গলায় একটি মাফলার প্যাঁচানো ছিল। তবে এটি হত্যা না আত্মহত্যা, সে ব্যাপারে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর এ বিষয়ে জানা যাবে।
সুরমার বাবা দিগজান গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মোতালেব বলেন, ৭-৮ বছর আগে সুরমার বিয়ে হয়। তাঁদের দুটি ছেলেমেয়ে রয়েছে। এ ঘটনায় তিনি অপমৃত্যুর মামলা করেছেন।