গৃহবধূ খুন, সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ
বাগেরহাটের রামপালে খাদিজা বেগম (২৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তাঁর সাবেক স্বামী শেখ জাকির হোসেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা বেগম রামপাল উপজেলার সদর ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের গোলাম আলী শেখের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, গতকাল সকালে বৃষ্টির মধ্যে বাবার বাড়ি থেকে খাদিজা বেগম তাঁর সাবেক স্বামীর কাছে থাকা আট বছর বয়সী ছেলে শেখ জোবায়ের হোসেনকে দেখতে পেড়িখালী গ্রামে যান। পেড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছেলে জোবায়েরের সঙ্গে দেখা করে ছাতা মাথায় দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ খবর জানতে পেরে তাঁর সাবেক স্বামী ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। খাদিজা স্কুল ছেড়ে সামনে যাওয়া মাত্র তাঁর সাবেক স্বামী হঠাৎ দৌড়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। এ সময় খাদিজা জীবন বাঁচাতে পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জাকিরকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মারজিউর রাব্বি বলেন, গতকাল বেলা ১২টা ৪০ মিনিটে খাদিজা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। খাদিজার মাথায়, মুখে ও গলায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে।