গৃহবধূ খুন, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলীর নামা শ্যামপুর এলাকায় পারুল আক্তার (৩৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল সোমবার দুপুরে তাঁর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পারুলের স্বামী লিটন মিয়াকে আটক করেছে পুলিশ।

কদমতলী থানা সূত্র জানায়, নামা শ্যামপুরের সবুজবাগ এলাকায় একটি বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন পারুল। তাঁর কোনো সন্তান নেই। স্বামী লিটন মাঝেমধ্যে বাসায় আসতেন। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে গতকাল দুপুরে পুলিশ বাসার খাটের ওপর থেকে পারুলের লাশ উদ্ধার করে। এ সময় তাঁর হাত ও পা ওড়না দিয়ে এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, গত রোববার রাত থেকে গতকাল ভোরের মধ্যে যেকোনো সময় পারুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর পারুলের স্বামী লিটনকে কৌশলে থানায় ডেকে আনা হয়। তাঁকে পারুলের মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লিটনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সূত্র বলছে, লিটনের দ্বিতীয় স্ত্রী ছিলেন পারুল। তাঁর প্রথম স্ত্রী পুরান ঢাকার নারিন্দায় থাকেন। দুই বিয়ে নিয়ে দুই সংসারে অশান্তি ছিল।

কদমতলী থানার এসআই কাউসার আহমেদ খান জানান, ময়নাতদন্তের জন্য পারুলের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  কেন হত্যাকাণ্ড ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি।