নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সাবিনা আক্তার (২২) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর বোন শারমিনকে (১৮) কুপিয়ে আহত করা হয়। গতকাল শনিবার সকালে ভূঁইগড় কড়ইতলায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় লোকজন সাবিনার স্বামী নাসির উদ্দিনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।
এদিকে যৌতুকের দাবিতে সোনারগাঁয়ে গতকাল সকালে রাবেয়া বেগম (২৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী তপু রায়হান পলাতক।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ১২ বছর আগে রাজধানীর রাজারবাগের নাছির উদ্দিনের সঙ্গে ভূঁইগড় কড়ইতলার সাবিনা আক্তারের বিয়ে হয়। তাঁদের ছয় ও চার বছর বয়সী দুটি কন্যাসন্তান আছে। সম্প্রতি কিছু বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয়। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক হয়। তবে আবারও ঝগড়া হলে গত রমজান মাসের প্রথম দিন দুই মেয়েকে রেখে সাবিনা বাবার বাড়ি ফতুল্লায় চলে আসেন। গত শুক্রবার সাবিনা মুঠোফোনে নাসির উদ্দিনের সঙ্গে খারাপ আচরণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল সকালে নাসির উদ্দিন বোরকা পরে ওই বাড়িতে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে স্ত্রী সাবিনাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। সাবিনাকে বাঁচাতে বোন শারমিন এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সময় স্থানীয় লোকজন এসে নাসির উদ্দিনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, মাদকাসক্ত স্বামী কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সোনারগাঁয়ে নিহত রাবেয়ার স্বজনেরা জানান, সোনারগাঁ পৌরসভার চিলারবাগ গ্রামের তপু রায়হানের সঙ্গে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া গ্রামের রাবেয়া বেগমের আট বছর আগে বিয়ে হয়। তাঁদের ৬ বছর ও ৩ মাস বয়সী দুটি ছেলেসন্তান আছে।
রাবেয়ার স্বজনদের ভাষ্যমতে, বিয়ের পর থেকে তপু যৌতুকের জন্য বিভিন্নভাবে স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। পরে তাঁকে ৪ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। কিন্তু তপু আবারও যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে গতকাল সকালে তিনি বালিশচাপায় রাবেয়াকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তাঁদের মুঠোফোনে বলেন, রাবেয়া অসুস্থ হয়ে পড়েছে। তাঁরা বাবেয়ার শ্বশুরবাড়ি গিয়ে তাঁকে মৃত অবস্থায় পান। এ সময় তপুকে মৃত্যুর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়েদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যৌতুকের জন্য রাবেয়াকে তাঁর স্বামী মারপিট ও শ্বাসরোধে হত্যা করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।