গৃহবধূ খুন, স্বামী পলাতক
চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুরপাড় এলাকা থেকে রোকসানা বেগম (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ রোকসানার বাসা থেকে মৃতদেহ উদ্ধার করে। শ্বাসরোধে স্বামী তাঁকে হত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। ঘটনার পর থেকে স্বামী সিদ্দিক মিয়া (৩৫) পলাতক রয়েছেন।
রোকসানার বাড়ি শরীয়তপুরের জাজিরায়। তাঁর বাবার নাম হক মিয়া মুন্সি।
হালিশহর থানার পুলিশ জানিয়েছে, সিদ্দিক মিয়া ঝাড়ফুঁক ও তাবিজের ব্যবসা করতেন। বাসায় থাকতেন স্ত্রী ও দুটি শিশুকন্যা নিয়ে। গত বুধবার মধ্যরাতে শিশুকন্যাদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা বাসায় গিয়ে রোকসানাকে মৃত অবস্থায় দেখতে পায়। সকালে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, রোকসানার চোয়াল, গলা, বাহুসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।