গৃহবধূ, তরুণসহ তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে গতকাল রোববার পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সাবেক সদস্যকে গলা কেটে এবং বগুড়ায় এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নাটোর সদর উপজেলায় এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শাহজাদপুরে খুন হওয়া গৃহবধূ মুন্নী খাতুন (২২) ওই উপজেলার বাড়াবিল প্যাচপাড়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী। পাবনার সাঁথিয়ায় খুন হয়েছেন নন্দনপুর ইউপির সদস্য মুকুল হোসেন (৪৮)। বগুড়ায় খুন হয়েছেন বিপুল (২২) নামের তরুণ।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: গত শনিবার রাত সাড়ে আটটার দিকে বগুড়ার উপশহর এলাকায় বিপুল ও তাঁর সঙ্গী আকাশকে (২৪) কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যান বিপুল। বগুড়া সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, জমিজমাসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ: পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, ছয় বছর আগে এরশাদ আলীর (৩০) সঙ্গে শাহজাদপুর পৌর এলাকার প্রাণনাথপুর গ্রামের তাঁতশ্রমিক খোরশেদ মোল্লার মেয়ে মুন্নী খাতুনের বিয়ে হয়। সে সময় বরপক্ষকে যৌতুক হিসেবে দেওয়া হয় ৪০ হাজার টাকা। বিয়ের পর আরও যৌতুকের টাকার জন্য এরশাদ তাঁর স্ত্রী মুন্নীকে চাপ দিতে থাকেন। এ নিয়ে উভয়ের মধ্যে মাঝেমধ্যে কলহ হতো। গতকাল সকালে বিষয়টি নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মুন্নীর ঝগড়া লাগে। একপর্যায়ে মুন্নীকে পিটিয়ে হত্যা করেন তাঁরা। হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে সবাই পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। শাহজাদপুর থানার ওসি শাহাবুদ্দীন খলিফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা: গত শনিবার দিবাগত রাতে সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের দ্বারামুধা গ্রামে মুকুল হোসেনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসি খাতুন বাদী হয়ে ওই দিনই সাঁথিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানান, মুকুল ১০ বছর আগে ইউপি সদস্য ছিলেন। শনিবার রাত ১১টার দিকে তিনি পাশের গ্রামে যান। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে গ্রামের একটি সেতুর নিচে স্থানীয় লোকজন তাঁর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, পূর্বশত্রুতার জেরেই কেউ মুকুলকে হত্যার পর সেতুর নিচে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নাটোর: নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান ও এলাকাবাসী জানায়, গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পাইকপাড়া এলাকার গমের খেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাশটি অজ্ঞাতনামা এক যুবকের। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। পরনে কালো প্যান্ট ও সাদা শার্ট ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।