গৃহবধূ ধর্ষণের শিকার, স্বামী প্রতিবাদ করায় নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে অন্তঃসত্তা (২৮) এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার প্রতিবাদ করায় গৃহবধূ ও তাঁর স্বামীকে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার ওই ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারী ও তাঁর স্বামীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, সোমবার সকালে ওই গৃহবধূর স্বামী বাড়ির পাশের খালে মাছ ধরতে যান। এ সময় একই গ্রামের মো. শাহিন (৩৫) বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে। তাঁর স্বামী বাড়ি ফিরে এসে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে শাহিন তার সহযোগী সুজন, তৈয়ব ও ছগিরকে নিয়ে আপসের কথা বলে। এরপর তারা ওই নারী ও তাঁর স্বামীকে ডেকে নিয়ে গ্রামের একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে মারধর করে। তারা ওই নারীর স্বামীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং ১৫০ টাকা মূল্যমানের একটি সাদা স্ট্যাম্পে সই নেয়। একপর্যায়ে গৃহবধূর স্বামী টাকা আনার কথা বলে ছাড়া পেয়ে স্থানীয় বাবুগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। এর মধ্যে আত্মীয়স্বজন খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর সোমবার রাতেই বাবুগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মুনসুরের নেতৃত্বে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। তবে গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের হয়নি।
তবে গৃহবধূর স্বামী জানিয়েছেন, তাঁরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।