গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে মনিজা বেগম (২৫) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে সালিস বৈঠকে বেধড়ক মারধরের পর জোর করে তালাকনামায় স্বাক্ষর নেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামিদুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৃহবধূ মনিজা ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, দোলাপাড়া গ্রামের সফিয়ারের স্ত্রী মনিজা বেগম সম্প্রতি ঢাকায় যান কাজের সন্ধানে। ঢাকা থেকে কিছুদিন পর বাড়িতে ফিরলে তাঁর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাঁকে বাড়িতে ঢুকতে দেননি শ্বশুরবাড়ির লোকজন। পরে এ নিয়ে মনিজা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান। এরপর গত রোববার স্থানীয় মনছুর আলীর উঠানে স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে সালিস বৈঠকে বসেন। সেখানে তাঁকে প্রকাশ্যে মারধর করেন গৃহবধূর শাশুড়ি বছিরন নেছা (৫০) ও রশিদা খাতুন নামের অপর এক মহিলা। এ সময় স্থানীয় কাজি ডেকে গৃহবধূর কাছ থেকে জোর করে তালাকের কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাতে এ নিয়ে স্থানীয় থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন মনিজা।
গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, প্রচণ্ড ব্যথায় কাঁতরাচ্ছেন মনিজা। এ সময় তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল গফুরের নির্দেশে তাঁকে বৈঠকে মারধর করা হয়েছে। এ সময় তাঁর সহজ-সরল স্বামী সফিয়ারকেও মারধর করা হয়।
তবে মনিজার শাশুড়ি বজিরন মারধরের কথা স্বীকার করে বলেন, ‘সে একজন দুশ্চরিত্রা মহিলা। তাই অন্য কেউ নয়, আমি তাকে শাসন করেছি।’
ইউপি সদস্য গফুর বলেন, ‘ঘটনাটি ৬ নম্বর ওয়ার্ডে। তাই আত্মীয়তার সুবাদে আমি সেখানে গিয়েছিলাম। তবে আমরা নিষেধ করার পরও মনিজাকে তাঁর শাশুড়ি মারধর করছেন।’ তবে তাঁর অভিযোগ, ঘটনার সময় তাঁর ছেলে হামিদুল সেখানে উপস্থিত ছিলেন না। অথচ পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।