গৃহবধূ মেঘলাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ভোলার মেয়ে ফাতেমাতুজ জোহরা মেঘলাকে (২০) লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বাবা সহিদুল হক ৬ ফেব্রুয়ারি মামলা করেছেন। মামলার দিন তিন নম্বর আসামি শাজাহান মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, তিন বছর আগে ভোলা পৌরসভার নবীপুরের বাসিন্দা মো. শহিদুল হকের মেয়ে ফাতেমাতুজ জোহরার সঙ্গে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার মো. এমরান হোসেনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই যৌতুকের জন্য চাপাচাপি শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় প্রায় চার লাখ টাকা এমরানকে দেন শহিদুল। ৫ ফেব্রুয়ারি বিকেলে এমরান ও তাঁর বাবা-মা ফাতেমাকে নির্যাতন ও একপর্যায়ে পিটিয়ে মেরে ফেলেন। পরে আত্মহত্যা বলে খবর প্রচার করেন।
মেঘলার মা শিরিন আক্তার বলেন, ফাতেমা ওই দিন ফোন করে বলে, ‘মা, আমার হাত-পাও ভেঙে দিয়েছে। আমি চুরি করে মোবাইল জামার ভেতরে রেখেছিলাম। তাই বাথরুমে এসে কল দিয়েছি।’ তিনি অভিযোগ করেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করেনি, ওরা মারতে মারতে আমার মেয়েকে মেরে ফেলেছে।’
রামগতি থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহম্মদ সুরতহাল প্রতিবেদনে লিখেছেন, মেঘলার গলার বাঁ পাশে আঘাতের চিহ্ন আছে। বাঁ পাশে গালের ওপর হালকা লাল চিহ্ন আছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন না এলে সঠিক বলা যাবে না, কীভাবে ফাতেমাতুজ জোহরা মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করার চেষ্টা চলছে।