গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় গৃহবধূ সুমি বেগম হত্যা মামলায় নিহত ব্যক্তির ননদ রাশিদা ও তাঁর স্বামী চান মিয়াকে গতকাল সোমবার সকালে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যার দায়ে অভিযুক্ত স্বামী মামুন এখনো গ্রেপ্তার হয়নি। গত শনিবার শহরের জামতলা এলাকায় আবদুল মালেকের বাড়ির ষষ্ঠ তলায় ভাড়াটিয়া আক্তার হোসেনের ফ্ল্যাটে খুন হন সুমি বেগম। সুমি আক্তার হোসেনের দ্বিতীয় মেয়ে। তাঁর পরিবারের অভিযোগ, স্বামী মামুন সুমিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় রোববার নিহত সুমির মা রেজিয়া বেগম বাদী হয়ে স্বামী মামুন, ননদ রাশিদা, তার স্বামী চান মিয়া ও তাদের ছেলে সাজ্জাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন।