গৃহবধূ হত্যা, শ্বশুর শাশুড়ি গ্রেপ্তার স্বামীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের মতিহার থানার শাহাপুর এলাকায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে গত শনিবার রাতে তাঁর শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ওই গৃহবধূর স্বামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

মারা যাওয়া গৃহবধূর নাম নাসরিন আক্তার ওরফে সুমি (২২)। তাঁর বাবার নাম আসাদুজ্জামান। বাড়ি রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজার এলাকায়। চার মাস আগে শাহাপুর এলাকার আবদুল মজিদের ছেলে মিঠুন আলী ওরফে ফিডারের (২৮) সঙ্গে নাসরিনের বিয়ে হয়। দুজনই স্নাতক পাস। মিঠুন ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দিয়েছেন।

নাসরিনের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা আসাদুজ্জামান বাদী হয়ে শনিবার রাতেই মতিহার থানায় হত্যা মামলা করেন। মামলায় নাসরিনের শ্বশুর আবদুল মজিদ (৫২), শাশুড়ি মালেকা বেগম (৪৫), স্বামী মিঠুন ও মিঠুনের এক ভাইকে আসামি করা হয়েছে।
রাতেই শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা প্রথম আলোকে বলেন, গত শনিবার নাসরিন তাঁর শ্বশুরবাড়িতেই ছিলেন। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত অবস্থায় পেয়েছেন বলে জানিয়েছেন। নাসরিনের সুরতহাল প্রতিবেদনে তাঁর ডান গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তা
ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক এনামুল হক গৃহবধূ নাসরিনের ময়নাতদন্ত করেছেন। মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এসআই মাসুদ বলেন, নাসরিনের শ্বশুর-শাশুড়ির দাবি, শনিবার বিকেলে নাসরিন অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁরা স্বীকার করেছেন, মিঠুনের চাকরি না করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তাঁরা ঝগড়া শুনেছেন।

এদিকে গতকাল সকাল নয়টার দিকে চারঘাট থানার সলুয়া রেলগেটে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মিঠুন আত্মহত্যা করেছেন। চারঘাট থানার উপপরিদর্শক আখের আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মিঠুনের পরিবারের লোকজন লাশ নিয়ে চলে যান।

রেলওয়ের ঈশ্বরদী জিআরপি থানার উপপরিদর্শক জোবায়ের আরেফিন জানান, ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়ার ঘটনায় নিয়ম অনুযায়ী ইউডি মামলা হয়েছে। লাশের সুরতহাল করার জন্য উপপরিদর্শক নজরুল ইসলাম রাজশাহীতে রওনা দিয়েছেন।