গৃহবধূ হত্যা, স্বামীসহ শ্বশুর বাড়ির সবাই পলাতক
সিরাজগঞ্জের সদর উপজেলায় এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার চরকল্যাণী গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূর নাম সীমা বেগম (২৫)। তিনি চরকল্যাণী গ্রামের রুহুল আমিনের স্ত্রী এবং বেলকুচি উপজেলার আজুগড়া জামতৈল গ্রামের গুটু প্রামাণিকের মেয়ে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা গুটু প্রামাণিক বাদী হয়ে রুহুল আমিনসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। নিহত সীমার শরীরের কিছু স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে রুহুলসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।
গুটু প্রামাণিক বলেন, ‘বিয়ের পর থেকে রুহুল যৌতুকের টাকার জন্য প্রায়ই সীমাকে মারধর করত এবং টাকা আনার জন্য বাড়ি পাঠিয়ে দিত। বিষয়টি নিয়ে একাধিকবার সালিসও হয়েছে। যৌতুক না পেয়ে রুহুল পরিকল্পিতভাবে আমার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে প্রচার করার জন্য লাশ বাড়ির পাশের আমগাছে ঝুলিয়ে রাখে।’
মামলার এজাহার ও স্বজনদের সূত্রে জানা গেছে, এক বছর আগে রুহুল আমিনের সঙ্গে সীমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গত বৃহস্পতিবার রাতে দুজনের মধ্যে আবার ঝগড়া হয়। পরের দিন সকালে সীমাকে বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসী থানায় খবর দিলে দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠায়।