গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠি গ্রামের মঞ্জু আরা বেগম (৫৫) হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইফুর রহমান (৩২) ও শাহাদাৎ মল্লিক (৩০)। সাইফুর উপজেলার আটঘর কুড়িয়ানা এবং শাহাদাৎ বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা।
নেছারাবাদ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ৮ আগস্ট মাহামুদকাঠি গ্রামের আরেফিন ও শাকিল নামের দুই ব্যক্তিকে মঞ্জু আরা বেগম হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আরেফিন ও শাকিল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী সাইফুর ও শাহাদাৎকে গ্রেপ্তার করা হয়।