গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, আটক ২
জামালপুর সদর উপজেলায় গত বুধবার অ্যাসিড ছুড়ে শিখা বেগম (৩৫) নামের এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়া হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তাঁর দেবর ও ননদ তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গৃহবধূ শিখা সদর উপজেলার বিনন্দেরপাড়া গ্রামের মাসুদ রানার স্ত্রী। তাঁকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর দেবর শাকিল আহমেদ ও ননদ সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ।
সদর হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ শিখা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী মাসুদ ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্বামীর অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে ননদ সাবিনা, রিতা; দেবর শাকিল, শ্বশুর শামছুল হক ও শাশুড়ি রোকেয়া বেগমের সঙ্গে তাঁর পারিবারিক কলহ চলছে। গত বুধবার সন্ধ্যায় নিজ ঘরে তিনি বসেছিলেন। এ সময় জানালা দিয়ে তাঁর শরীরে অ্যাসিড ছোড়া হয়। ঘটনার পর শাকিল ও সাবিনাকে জানালার কাছ থেকে পালিয়ে যেতে দেখেন তিনি। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন আসেন এবং অ্যাসিডে ঝলসে দেওয়া তাঁর পিঠ ও কোমরে প্রায় আধা ঘণ্টা পানি ঢালেন। খবর পেয়ে জামালপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
থানা হেফাজতে গতকাল বৃহস্পতিবার শিখার দেবর শাকিল আহমেদ দাবি করেন, তিনি তাঁর ভাবি শিখা বেগমের শরীরে অ্যাসিড মারেননি। বরং ঘটনার পর তিনি তাঁর বাড়িতে ছুটে গিয়ে তাঁকে অ্যাসিডদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা হাসানুল বারী জানান, অ্যাসিড-জাতীয় পদার্থে ওই গৃহবধূর শরীরের প্রায় ১০ ভাগ দগ্ধ হয়েছে।
জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর বাবা মামলা করেছেন।