গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, আদালতে স্বামীর স্বীকারোক্তি
গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকায় গত শনিবার ভোররাতে এক গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী সরুজ মিয়াকে গ্রেপ্তার করেছে। সরুজ সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অ্যাসিডদগ্ধ নারী হলেন নোয়াখালীর চাটখিলের রেজ্জাকপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে নাছরিন বেগম (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, ছয় বছর আগে গাইবান্ধা সদরের সরুজ মিয়ার সঙ্গে নাছরিনের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি শিশু আছে। বিয়ের পর থেকেই সরুজ নানাভাবে নাছরিনকে নির্যাতন করছিলেন। মাদকাসক্ত হয়ে বাসায় ফিরে স্ত্রীকে মারধর করতেন তিনি। এ কারণে স্বামীর সংসার ছেড়ে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ নেন নাছরিন। শনিবার ভোররাতে সরুজ মোগরখাল এলাকায় নাছরিনের ভাড়াবাড়িতে গিয়ে তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন। একপর্যায়ে তাঁর মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন নাছরিনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে নাছরিন উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় রোববার সরুজের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়। পুলিশ রোববার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকা থেকে সরুজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে সোমবার গাজীপুরের বিচারিক হাকিম মাহবুবা আক্তারের আদালতে হাজির করা হয়। এ সময় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নাছরিনের বড় বোন জোসনা বেগম বলেন, ‘ছোট বোনের অবস্থা খারাপ থাকায় দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করি। ধারদেনা করে বোনের চিকিৎসা করাতে হচ্ছে। হাসপাতালের বিল দিতে না পারায় সরকারি হাসপাতালেও তাকে নিতে পারছি না।’
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষণ বলেন, অ্যাসিডদগ্ধ এক নারীকে (নাছরিন) প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়।
গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয়।