গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ
মাগুরা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামে শিরিন আক্তার (২৪) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী, শাশুড়ি ও ননদ মারধরের পর শরীরে অ্যাসিড ঢেলে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহবধূ বলেন, তাঁর বাবার বাড়ি শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামে। ২০০৮ সালে মাগুরা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের ইয়াসিন আরাফাতের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর শ্বশুর মিজানুর রহমান পুলিশের এএসআই। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নানা অজুহাতে তাঁর ওপর নির্যাতন চালাতেন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দু-তিন বছর ধরে বাবার বাড়িতে এসে থাকছেন। এ ঘটনায় তিনি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে সদর থানায় দুটি মামলা করেছেন, যা এখন বিচারাধীন। কয়েক দিন আগে তিনি (গৃহবধূ) জানতে পারেন, ইয়াসিন আরেকটি বিয়ে করেছেন। পরে গত মঙ্গলবার সন্ধ্যার পর তিনি শ্বশুরবাড়ি যান। এ সময় শাশুড়ি ও ননদ তাঁকে বেদম মারধর করেন। একপর্যায়ে ইয়াসিন তাঁর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিকাশ বিশ্বাস বলেন, ওই গৃহবধূর শরীরে মারধরের চিহ্ন ছিল। গলার দিকে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। তবে তা অ্যাসিডে হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি।
মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, অ্যাসিডের ঘটনা বানানো। তবে তাঁকে মারধর করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।