গৃহবধূকে আটকে রাখার অভিযোগে ক্লিনিকে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় আল্ট্রাসনোগ্রাম করার কথা বলে অন্তঃসত্ত্বা গৃহবধূকে আটকে রাখার অভিযোগে বেসরকারি একটি চিকিৎসাকেন্দ্রে (ক্লিনিক) হামলা চালিয়েছেন রোগীর স্বজনেরা। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের ফয়সাল ক্লিনিকে হামলার এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও রোগীর পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের মামুনুর রশিদের অন্তঃসত্ত্বা স্ত্রী বিপাশা (২০) গতকাল সকালে পড়ে গিয়ে পেটে ব্যথা পান। সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে উপজেলার প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিকে নেন স্বজনেরা। ক্লিনিকের চিকিৎসক রোগীকে আল্ট্রাসনোগ্রাম করাতে হবে বলে জানান। এরপর স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে বসিয়ে রাখেন। এক ঘণ্টা পার হলেও আল্ট্রাসনোগ্রাম না করায় রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে রোগীকে অন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে ক্লিনিকের মালিকসহ অন্যরা বাধা দেন এবং স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে রোগীর শাশুড়ি মাহমুদা বিবিকে লাঞ্ছিত করেন ক্লিনিকের এক কর্মচারী। এ খবরে রোগীর স্বজনেরা একত্র হয়ে ক্লিনিকটিতে হামলা চালান। তাঁরা ক্লিনিকের মালিক জিয়াউর রহমানসহ কর্মচারীদের মারধর করেন।
রোগীর স্বজন বুলেট হোসেন জানান, ছোট ভাইয়ের স্ত্রী অসাবধানতাবশত পড়ে গিয়ে পেটে ব্যথা পান। এরপর ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করার কথা জানান। আল্ট্রাসনোগ্রামের ফি ৩০০ টাকা পরিশোধের জন্য ৫০০ টাকার নোট দেওয়া হয়। এদিকে বিভিন্ন অজুহাত সৃষ্টি করে রোগীকে এক ঘণ্টার বেশি সময় আটকে রাখা হলেও আল্ট্রাসনোগ্রাম করানো হয়নি। পরে টাকা ফেরত ও রোগীকে অন্যত্র নেওয়ার চেষ্টা করা হলে ক্লিনিকের মালিকসহ অন্যরা বাধা দেন। কর্মচারীরা তাঁর মা মাহমুদা বিবিকে লাঞ্ছিত করেন।
ক্লিনিকের মালিক জিয়াউর রহমান বলেন, ডাক্তার আসতে দেরি হওয়ায় রোগীর স্বজনেরা অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ জন্য তাঁদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। হাসপাতালে কাউকে লাঞ্ছিত করা হয়নি বলে তিনি দাবি করেন।