গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার দেবরকাঠি গ্রামে রুমা আক্তার (২২) নামের এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় রুমা আক্তারের মামা জাহাঙ্গীর শেখ বাদী হয়ে রুমার স্বামী রাজু শেখকে প্রধান আসামি করে তিনজনের নামে মামলাটি করেন।

এ ঘটনায় পুলিশ রাজু শেখ (২৫), তাঁর বাবা সিদ্দিক শেখ (৫০) ও মা এলিজা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার দেবরকাঠি গ্রামের রাজু শেখের সঙ্গে চার বছর আগে একই উপজেলার চল্লিশা গ্রামের সিদ্দিক মল্লিকের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য রুমাকে নির্যাতন করতেন। সম্প্রতি রুমার স্বামী এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত শনিবার রাতে রুমার সঙ্গে স্বামীর ঝগড়া হয়। গতকাল রোববার সকালে রুমার মামা জাহাঙ্গীর শেখ খবর পান রুমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এরপর তিনি রুমার শ্বশুরবাড়ি গিয়ে ঘরের মেঝেতে রুমার মৃতদেহ দেখতে পান।

রুমার মামা জাহাঙ্গীর শেখ বলেন, যৌতুকের জন্য রুমাকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতেন। রুমার স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় তাঁদের দাম্পত্য কলহ চলছিল। স্বামী বাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে রুমা আত্মহত্যা করতে বাধ্য হন।

পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।