গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ এলাকায় গত শুক্রবার রাতে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর স্বামী ও মেয়ে গুরুতর জখম হয়েছে।
অপরদিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক নবোয়ারবাগ এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন, ভাওরাইদ গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খোরশেদা বেগম (৪৫) ও রংপুরের কোতোয়ালি থানার ফতেপুর ভোরঘাট এলাকার রহিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাওরাইদ এলাকায় গত শুক্রবার রাতে আনোয়ার হোসেন তাঁর স্ত্রী খোরশেদা ও মেয়ে আকলিমা আক্তার এক ঘরে ঘুমাচ্ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁদের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে বাইরে থেকে ঘর তালাবন্ধ করে রেখে পালিয়ে যায়। গতকাল শনিবার সকালে বাড়ির অন্য লোকজন ঘর তালাবন্ধ দেখে এবং ঘর থেকে শব্দ পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে খোরশেদা বেগমকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেন ও আকলিমা আক্তারকে উদ্ধার করে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জয়দেবপুর এসআই সুজায়েত হোসেন জানান, এ ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কালিয়াকৈরে এক ব্যক্তির লাশ উদ্ধার: স্ত্রীর পরকীয়ার খবর পেয়ে অভিমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নবোয়ারবাগ এলাকায় নিজের ঘরে জাহাঙ্গীর আলম আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার দুপুরে জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম তাঁর স্ত্রীকে নিয়ে গত এক বছর ধরে কালিয়াকৈর উপজেলার মৌচাক নবোয়ারবাগ এলাকার হাজী ফজলুল রহমানের বাড়িতে বাসা ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর স্ত্রী মর্জিনা আক্তার (২১) স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। সম্প্রতি ওই কারখানার এক শ্রমিকের সঙ্গে মর্জিনার সম্পর্ক গড়ে ওঠে।
গত শুক্রবার বিকেলে স্ত্রীর পরকীয়ার খবর পেয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর জেরে অভিমান করে জাহাঙ্গীর রাতের কোনো একসময় নিজ ঘরের আড়ার সঙ্গে মাফলার জড়িয়ে আত্মহত্যা করেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. হাসান মিয়া জানান, এটি হত্যা, নাকি আত্মহত্যা লাশের ময়নাতদন্তের পরই তা জানা যাবে।