গৃহবধূকে কুপিয়ে হত্যা, কিশোরীর লাশ উদ্ধার
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক ভ্যানচালকের বিরুদ্ধে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুজন হলেন ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের মো. শাজাহানের স্ত্রী সুফিয়া খাতুন (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামের মফিজুল ইসলামের মেয়ে বিনা খাতুন (১৫)।
ভালুকা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে সুফিয়া খাতুন তাঁর ছেলে নাফিসকে (৮) নিয়ে উপজেলার কাঁঠালী গ্রামে বাড়ির পাশের কালেঙ্গা মোড় বাজারে যান। বাজার থেকে দুই বস্তা চাল কেনেন সুফিয়া। তিনি প্রতিবেশী মমতাজ উদ্দিনের (৪০) ভ্যানে করে ওই চাল বাড়িতে আনেন। বাড়িতে আনার পর মমতাজ ভাড়া বাবদ ৫০ টাকা দাবি করেন। কিন্তু সুফিয়া ভ্যানচালক মমতাজকে ৪০ টাকা দেন। ১০ টাকা নিয়ে সুফিয়া ও মমতাজের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মমতাজ উত্তেজিত হয়ে পাশে থাকা কোদাল দিয়ে সুফিয়াকে কোপাতে থাকেন। এ সময় মাকে বাঁচাতে নাফিস এগিয়ে গেলে মমতাজ তাকেও কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে সুফিয়া মারা গেলে তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনেরা। নাফিস ওই হাসপাতালে চিকিৎসাধীন। বিকেলে খবর পেয়ে ভালুকা থানার পুলিশ সুফিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন মমতাজকে পুলিশে সোপর্দ করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, নিহত সুফিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
ঝিনাইগাতী থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামের মফিজুলের মেয়ে বিনা খাতুনের সঙ্গে প্রতিবেশী মৃত ফজল মোল্লার ছেলে আমানুল্লাহর (২০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯ জুলাই বিনা খাতুন, আমানুল্লাহ ও তাঁর মা সুন্দরী বেগম বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও বিনা খাতুনের সন্ধান পায়নি তার পরিবার। গতকাল সকালে চকপাড়া গ্রামের এলাকাবাসী গারো পাহাড়ের শিলঝুড়া খালে এক কিশোরীর ভাসমান লাশ দেখতে পান। পরে সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিলঝুড়া খালের সেতুর নিচ থেকে বিনার লাশ উদ্ধার করে। বিনা খাতুনের লাশ উদ্ধার করা হলেও আমানুল্লাহ ও তাঁর মা সুন্দরী বেগম নিখোঁজ রয়েছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বিনার বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।