গৃহবধূকে কুপিয়ে হত্যা, মা-মেয়ে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে দুলু বেগম (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার পশ্চিম কানুদাসকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলু বেগম ওই এলাকার রহিম হাওলাদারের স্ত্রী।
হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাফিয়া বেগম (৪৫) ও তাঁর মেয়ে লাকি বেগমকে (২৫) ওই দিন বিকেলে গ্রেপ্তার করেছে।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশীদ বলেন, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে নিহত দুলু বেগমের ছোট বোন লাইজু আক্তার বাদী হয়ে সাতজনকে আসামি করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনাস্থল থেকেই মা সাফিয়া বেগম ও পরে মেয়ে লাকি বেগমকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ ও নিহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, দুলু বেগম মামাবাড়িতে বসবাস করতেন। তাঁর স্বামী ও ছেলে চট্টগ্রামে থাকেন। দুলু বেগমের সঙ্গে তাঁর মামা মৃত নয়ন তালুকদারের স্ত্রী পেয়ারু বেগমের জমি নিয়ে বিরোধ রয়েছে। গত বুধবার বিকেলে পেয়ারু বেগমের মেয়ে লাকি বেগম ঘর সংস্কারের জন্য দুলু বেগমের জমির একটি নালা থেকে কাদামাটি আনতে যান। এ সময় দুলু বেগম লাকি বেগমকে মাটি নিতে নিষেধ করলে তাঁদের মধ্যে কথা-কাটকাটি হয়। এর একপর্যায়ে লাকি বেগম, পেয়ারু বেগমসহ ছয়-সাতজন দুলু বেগমকে কুপিয়ে জখম করে খালের পাড়ে ফেলে রাখেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। নিহত গৃহবধূর লাশের ময়নাতদন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।