গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় পারিবারিক কলহের জের ধরে সাইফুল মিয়া (৩৫) তাঁর স্ত্রী রুমা আক্তারকে (২৫) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সাইফুল পেশায় রিকশাচালক। ঘটনার পর পরই তিনি দৌড়ে পালিয়ে গেছেন। আজ রোববার রাতে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে সদর উপজেলার ধীতপুর গ্রামের হেকমত আলীর ছেলে সাইফুল মিয়ার সঙ্গে একই উপজেলার ফরিদপুর গ্রামের নজু মিয়ার মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। তাঁদের দুইটি সন্তান রয়েছে। বিয়ের এক বছর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সাইফুল তাঁর স্ত্রী রুমাকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতেন। এ নিয়ে সাইফুলের বিরুদ্ধে বেশ কয়েক বার সালিসও হয়েছে। গত কয়েক বছর ধরে সাইফুল রুমার বাবার বাড়িতে একসঙ্গে থাকতেন। রোববার রাত আটটার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইফুল দা দিয়ে রুমাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্বজনেরা রুমাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম ঘটনার প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।