গৃহবধূকে গরম লোহার ছ্যাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে শাহিদা বেগম (৩২) নামে এক গৃহবধূ চার দিন ধরে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছেন। গত রোববার বিকেলে বদরগঞ্জ উপজেলার দিলালপুর ছাতরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর পর থেকে ওই গৃহবধূর স্বামী গা-ঢাকা দিয়েছেন।
অভিযোগ পাওয়া গেছে, রোববার শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে শাহিদা ও কল্পনার মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আলমগীর হোসেন প্রথম স্ত্রী শাহিদা বেগমকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে লোহার রড গরম করে শাহিদার দুই হাত, দুই গাল ও দুই ঊরুতে তিনি ছ্যঁাকা দেন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ওই দিনই তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইলফাতি আক্তারী বলেন, ওই গৃহবধূকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তাঁর দুই হাত, দুই গাল ও দুই ঊরুতে গরম লোহার ছ্যাঁকা রয়েছে।
চিকিৎসাধীন শাহিদা বেগম মঙ্গলবার এ প্রতিনিধিকে বলেন, ‘ওয় (স্বামী) সতিনের কথাত মোক ধরি খালি মারে। তার পরও সন্তান তিনটার মুখের দিকে চায়া দেখি ওর সংসার আকড়ি ধরি আছু। গত রবিবার সতিনের কথাও ওয় (স্বামী) মোর মাতার চুল ধরি মাটিত ফেলেয়া লাটি দিয়া মারছে। অ্যারপর রড গরম করি হাতোত, ঊরাতোত (ঊরু) আর গালোত নাগে দেছে।’
গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, আলমগীর হোসেনের সঙ্গে ১৩ বছর আগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলিপাড়া গ্রামের ছলি মামুনের মেয়ে শাহিদার বিয়ে হয়। তাঁদের সংসারে তিনটি সন্তান রয়েছে। সংসারও ভালো চলছিল। আলমগীর পেশায় ট্রলিচালক। চার বছর আগে স্ত্রী শাহিদার অমতে আলমগীর হোসেন কল্পনা বেগম নামে একজনকে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকে সংসারে নেমে আসে অশান্তি।