গৃহবধূকে গলা কেটে ও শ্বাসরোধে যুবককে হত্যা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গত সোমবার রাতে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে কুষ্টিয়া শহরে ভাড়া বাসায় যুবককে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
কাশিয়ানীতে হত্যার শিকার গৃহবধূর নাম মিনি বেগম (২৫)। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী মাফিকুল শেখ (৩৮) ও এক সৎছেলেকে (১৫) গ্রেপ্তার করেছে। তাঁদের বাড়ি বরাশুর গ্রামে। কুষ্টিয়ায় নিহত ব্যক্তির নাম জসীম উদ্দিন (৩৫)। তিনি শহরের হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ট্রাকচালকের সহকারী ছিলেন।
কাশিয়ানী থানা-পুলিশ সূত্র জানায়, সোমবার রাত নয়টার দিকে মাফিকুল শেখ বাড়ি এসে গলাকাটা অবস্থায় মিনি বেগমের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই গৃহবধূর ১১ মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলি নুর বলেন, গৃহবধূর হত্যার ঘটনায় তাঁর বোন নিলুফা বেগম বাদী হয়ে গতকাল সকালে তাঁর ভগ্নিপতি, বোনের সতিন, সৎছেলে, সতিনের দুই বোনসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। তাঁদের মধ্যে দুজনকে ধরা হয়েছে।
পরিবার সূত্র জানায়, দুই বছর আগে মিনি বেগমের সঙ্গে মাফিকুল শেখের বিয়ে হয়। মাফিকুলের আগে এক স্ত্রী ছিলেন। তাঁদের ছাড়াছাড়ি হয়। সম্প্রতি ওই স্ত্রী আবার মাফিকুলের সংসারে ফিরে আসার চেষ্টা করেন। এ নিয়ে এলাকায় সালিস-বৈঠকও হয়।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, গ্রেপ্তার দুজনকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গতকাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ায় নিহত জসীম উদ্দিনের ভাই বশির উদ্দীন বলেন, তাঁর ভাইয়ের স্ত্রী ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। জসীম শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রোববার ট্রাক নিয়ে চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় আসার পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোনে কল করা হলেও কেউ ধরেননি। একপর্যায়ে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে ওই ভাড়া বাসায় গিয়ে তা বাইরে থেকে তালাবদ্ধ দেখা যায়। এরপর জানালা ভাঙলে ভেতরে লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) শেখ ওবায়দুল্লাহ বলেন, ওই ব্যক্তির গলায় রশি প্যাঁচানো ছিল। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে বাইরে থেকে তালা মেরে হত্যাকারীরা চলে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।