গৃহবধূকে গলা কেটে খুন, স্বামী ও সতিন গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় গত শনিবার রাতে এক গৃহবধূকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ও সতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই গৃহবধূর নাম রহিমা খাতুন (২৭)। তিনি সিরাজগঞ্জের সদর উপজেলার ফুলবয়ড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে।
এলাকার কয়েকজন বাসিন্দা, নিহত রহিমার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১০ বছর আগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেঘুটারি গ্রামের হযরত আলীর সঙ্গে রহিমা খাতুনের বিয়ে হয়। এটা ছিল হযরতের দ্বিতীয় বিয়ে। বিয়ের তিন বছর পর তাঁদের সংসারে ছেলে রবিউল ইসলামের জন্ম হয়। দুই বছর আগে হযরত কুড়িগ্রাম সদর উপজেলার পুরতাপ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে কাজলী আক্তারকে বিয়ে করেন। রহিমা বিষয়টি জানতেন না। বছর দেড়েক আগে হযরত আলী ও রহিমা তাঁদের একমাত্র সন্তান নিয়ে জীবিকার সন্ধানে কালিয়াকৈরে আসেন। উপজেলার বড়ইছুটি এলাকায় মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থেকে হযরত চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানায় দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ নেন। রহিমা একই এলাকার চন্দ্রা স্পিনিং মিল লিমিটেডে রিং অপারেটর হিসেবে কাজ শুরু করেন। ২০১৫ সালের শুরু দিকে কাজলীকে(তৃতীয় স্ত্রী) হযরত একই বাসার অন্য একটি কক্ষে তোলেন। এরপর থেকে পারিবারিক কলহ লেগেই থাকত। সর্বশেষ শনিবার রাতেও রহিমার সঙ্গে হযরত ও কাজলীর ঝগড়া হয়। পরে রাতে রহিমাকে হযরত ও কাজলী বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর তাঁরা ঘরের বাইরে গিয়ে বিলাপ করতে থাকেন। সন্দেহ হলে আশপাশের লোকজন দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গতকাল রোববার সকাল ১০টার দিকে রহিমার লাশ উদ্ধার করে এবং তাঁর স্বামী হযরত আলী (৩৫) ও কাজলী বেগমকে (১৯) আটক করে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, রহিমার বাবা আবদুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। হযরত ও কাজলীকে এ মামলায় গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে।