গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের চকদেবপাড়ায় গত মঙ্গলবার রাত ১২টার দিকে জোসনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল বুধবার বেলা দুইটার দিকে ওই মৃতদেহ উদ্ধার করে। জোসনার স্বামীর নাম আবদুল লতিফ। তিনি পেশায় রিকশাচালক।
লতিফ জোসনার দ্বিতীয় স্বামী। জোসনার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর আগের স্বামী মারা গেছেন। এ ঘটনায় জোসনার ছেলে বিপ্লব হোসেন থানায় একটি হত্যা মামলা করেছেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, ওই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ঘটনার পর থেকে স্বামী আবদুল লতিফ পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, রাত ১২টার দিকে ওই হত্যার ঘটনা ঘটেছে। কারণ পাশের বাড়ির লোকজন জানিয়েছেন, রাত ১২টার দিকে তাঁরা দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনতে পেয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জোসনা ও তাঁর স্বামী লতিফ শহরের চকদেবপাড়ায় এক বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। ছয় মাস ধরে তাঁরা ওই বাসায় বসবাস করে আসছিলেন। বেশির ভাগ সময় জোসনা একাই থাকতেন। গতকাল রাত ১২টার দিকে দরজা ভেঙে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। এ সময় তারা জোসনা বেগমকে গলা কেটে হত্যা করে চলে যায়। বেলা একটার দিকে স্থানীয় লোকজন মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।
বিপ্লব হোসেন বলেন, ‘রাতে কাজের জন্য বাইরে ছিলাম। তবে সকালে বাসায় এসেছিলাম। কিন্তু তখন মায়ের ঘরে ঢুকিনি। তখনো জানতে পারিনি আমার মা খুন হয়েছে। দুপুরে খেতে এসে শুনি, মা খুন হয়েছে।’
বাড়ির মালিক ফজলুর রহমান বলেন, ‘রাতের ওই ঘটনা আমি জানতে পারিনি। পরে বেলা ১১টার দিকে পাশের বাড়ির লোকজন জানায়, আমার বাসায় খুন হয়েছে। এরপর আমি থানায় খবর দিই।’