গৃহবধূকে গলা কেটে হত্যা, নববধূর লাশ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত রোববার এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার কুমিল্লার দাউদকান্দিতে এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। শেরপুর সদর উপজেলায় চার দিন আগে উদ্ধার করা একটি লাশের পরিচয় পাওয়া গেছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর :
সুনামগঞ্জ : পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের সৈয়দ আছকির আলী পরিবারের সবাইকে নিয়ে যুক্তরাজ্যে থাকেন। গ্রামে তাঁর বাড়ি দেখাশোনার জন্য নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শাহগাজী গ্রামের আলম মিয়াকে দায়িত্ব দেন। আলম মিয়া তাঁর মা, স্ত্রী ফরিদা বেগম ও এক সন্তানকে নিয়ে ওই বাড়িতে বাস করেন। গতকাল দুপুর পর্যন্ত প্রতিবেশীরা বাড়ির ফটক ও ঘর তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ বেলা সাড়ে তিনটায় ওই ঘরের দরজা ভেঙে ভেতরে ফরিদা বেগমের (৩৫) লাশ পায়। এ সময় আলম মিয়া বাড়িতে ছিলেন না।
দাউদকান্দি(কুমিল্লা): দাউদকান্দি উপজেলার আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহিত চন্দ্র দাসের স্ত্রী কনিকা রানী দাসের (২০) লাশ গতকাল সকালে উদ্ধার করা হয়েছে। কনিকার বাবা সুবল চন্দ্র দাস বলেন, তিন মাস আগে বিয়ের পর থেকে রুহিত পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। দুদিন আগে এক লাখ টাকা দেওয়ার পর আরও চার লাখ টাকার জন্য রুহিত রোববার রাতে কনিকাকে মারধর করেন। একপর্যায়ে কনিকা মারা যান। সকালে রুহিত প্রতিবেশীদের কনিকা বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানান। মৃত্যুর খবর পেয়ে সুবল দাস ঘটনাস্থলে পৌঁছালে রুহিত পালিয়ে যান।
শেরপুর: সদর উপজেলার টালিয়াপাড়া গ্রাম থেকে গত শুক্রবার উদ্ধারের চার দিন পর গতকাল একটি লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৫৫)। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। গতকাল বেলা তিনটার দিকে শেরপুর সদর থানা হেফাজতে রাখা নিহত ব্যক্তির ছবি ও পরিধেয় কাপড় দেখে তাঁর দুই ছেলে লাশ শনাক্ত করেন।