গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
পিরোজপুর পৌরসভার মাছিমপুর মহল্লার একটি বাড়ি থেকে গতকাল শুক্রবার সকালে আসমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী মো. রেজাউল (৩২) পলাতক।
নিহত আসমা বেগম সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিণী গ্রামের শাহজাহান মোড়লের মেয়ে। রেজাউল খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের কাসেম আলীর ছেলে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে ধারালো অস্ত্র দিয়ে আসমাকে হত্যা করে স্বামী পালিয়ে যান। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য নয়জন শ্রমিককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ৮ মাস আগে রেজাউলসহ ১০ জন নির্মাণ শ্রমিক পিরোজপুর পৌরসভার মাছিমপুর মহল্লার রুবেল তালুকদারের বাড়িতে বাসা ভাড়া নেন। শ্রমিকেরা মাছিমপুর এলাকার বলাকা ক্লাব সড়কের পাশে পাকা নালা নির্মাণের কাজ করছেন। রেজাউলের স্ত্রী আসমা বেগম শ্রমিকদের রান্না করে খাওয়াতেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমগীর হোসেন নামের এক শ্রমিক বাড়ির মালিকের স্ত্রী রুপা বেগমকে জানান, আসমা বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং রেজাউলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে আলমগীর হোসেন বলেন, ‘গতকাল শুক্রবার সকালে রেজাউল কাজে যোগ দেননি। সকাল পৌনে ১০টার দিকে তাঁকে খুঁজতে আমি তাঁদের শয়নকক্ষে গিয়ে দেখি আসমার গলা কাটা লাশ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি বাড়ির মালিকের স্ত্রীকে জানানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে রুপা বেগম প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে আসমা রেজাউলকে নিয়ে সাতক্ষীরায় বাবার বাড়ি বেড়াতে যান। দুই দিন আগে তাঁরা পিরোজপুর আসেন। শুনেছি আসমার বাবার বাড়িতে রেজাউলের সঙ্গে আসমার ঝগড়া হয়েছিল। ওই দম্পতির দুটি সন্তান রয়েছে। সন্তানেরা সাতক্ষীরায় আসমার বাবার বাড়িতে থাকে।’