গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আলেয়া খাতুন (৪০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী রহম আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার পুলিশের একটি বিশেষ দল আজ সোমবার সকালে তাঁকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সদর থানার পুলিশ জানায়, গতকাল রোববার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় আলেয়া খুন হন। ঘটনার পর থেকে রহম পলাতক ছিলেন। খুনের ঘটনায় আলেয়ার বড় ছেলে চাঁদ আলী বাদী হয়ে বাবা রহম আলীকে একমাত্র আসামি করে গতকাল রাতে সদর থানায় একটি হত্যা মামলা করেন। রহমকে আজ সকাল নয়টার দিকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহম আলী তাঁর স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন। পুলিশের কাছে তিনি দাবি করেন, আলেয়ার সঙ্গে চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ী গ্রামের এক তরুণের কয়েক বছর ধরে অবৈধ সম্পর্ক চলে আসছিল। দীর্ঘদিন চেষ্টা করে ফেরাতে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ হয়ে রহম তাঁর স্ত্রীকে খুন করেছেন।
রহমের চার ছেলেমেয়ে অভিযোগ করেন, তাঁদের বাবার স্বভাব-চরিত্র ভালো নয়। তিনি একাধিক বিয়ে করেছেন এবং মাদকাসক্ত।
নিহতের স্বজন ও প্রতিবেশীদের দেওয়া তথ্যমতে, রহমের চতুর্থ স্ত্রী ছিলেন আলেয়া। রহমের অত্যাচারে প্রথম ও তৃতীয় স্ত্রী চলে যান। দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। বাড়ির উঠানে কাঁঠালগাছের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিন-চার বছর ধরে আলেয়াকে সন্দেহ করে আসছিলেন রহম।