গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে শেরপুরে প্রতিপক্ষ এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ মে সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোরও অভিযোগ পাওয়া গেছে।
ওই গৃহবধূর নাম মনিকা বেগম (৪০)। তিনি মধ্যবয়ড়া গ্রামের নবীজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় গত সোমবার রাতে নবীজুর বাদী হয়ে প্রতিপক্ষের হানিফ মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাড়ে ৮ শতাংশ জমি নিয়ে নবীজুর রহমানের সঙ্গে তাঁর প্রতিবেশী হানিফ মিয়ার বিরোধ চলছে। এর জের ধরে ২৫ মে দিবাগত রাত তিনটার দিকে হানিফ মিয়ার নেতৃত্বে কালাচানসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন লোক দা, লাঠি, লোহার রডসহ দেশি অস্ত্র নিয়ে নবীজুরের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা নবীজুরের একটি টিনের ঘর সম্পূর্ণভাবে ভেঙে ফেলেন ও বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলেন।
মামলার এজাহার সূত্রে আরও জানা গেছে, অতর্কিত হামলায় নবীজুরের পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। এ সময় নবীজুর ও তাঁর স্ত্রী মনিকা বেগম হামলাকারীদের বাধা দিলে তাঁরা তাঁদের মারধর করেন। একপর্যায়ে হামলাকারীরা মনিকাকে বাড়িসংলগ্ন একটি শিমুলগাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এতে তাঁর ডান হাত ভেঙে যায়। এ সময় তাঁদের চিৎকার শুনে প্রতিবেশী শিরিনা বেগম ও জহুরা বেগম ঘটনাস্থলে এসে গাছের সঙ্গে বাঁধা মনিকাকে উদ্ধার করেন। পরে এলাকাবাসীর সহায়তায় মনিকাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে আসে।
মনিকা বেগম অভিযোগ করেন, হামলার সময় বাধা দিতে গেলে প্রতিবেশী হানিফ, মানিক ও আজাহার তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
২৯ মে বিকেলে নবীজুরের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘটনার পাঁচ দিন পরও হামলার চিহ্ন রয়ে গেছে। ভেঙে ফেলা ঘরটির টিনের চাল ও বেড়া এবং কেটে ফেলা গাছগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে।
নবীজুরের বাড়িতে হামলা ও তাঁর স্ত্রীকে মারধর করার অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ২৯ মে বিকেলে হানিফ মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে বা তাঁর স্ত্রীকে পাওয়া যায়নি। তবে এ সময় ওই বাড়িতে থাকা তাঁর (হানিফ) মেয়ে হালিমা খাতুন বলেন, তাঁর বাবা-মা কোথায় আছেন, তা তিনি জানেন না। হামলার অভিযোগে করা মামলার আসামি কালাচান মুঠোফোনে গতকাল মঙ্গলবার দুপুরে বলেন, ওই হামলার ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।