কেনা জমি দখলে নিতে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালিয়েছেন জমির ক্রেতারা। ঈদের পরদিন গত মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দক্ষিণ কয়রাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ নির্যাতিত নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই গ্রামে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম কল্পনা আক্তার (২৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা ইজিবাইকচালক সিরাজুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় তাঁর স্বামী পেশাগত কাজে বাইরে ছিলেন। ওই নারীর বাড়িতে গিয়ে পাওয়া যায় সিরাজুলের বড় ভাই দীন ইসলামকে। তিনি বলেন, তাঁরা দুই ভাই প্রায় এক যুগের বেশি সময় আগে দক্ষিণ কয়রাটি গ্রামে ১০ শতক জমি কিনে বাড়িঘর তুলে বসবাস করছেন। প্রায় আড়াই বছর আগে তাঁর ছোট ভাই আর্থিক অনটনে পড়ে বাড়ির ভিটার পাঁচ শতক জমির বিনিময়ে প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকের তিন ছেলের কাছ থেকে কিছু টাকা নেন। এই তিনজন হলেন সাইফুল ইসলাম (৪০), রবিউল আওয়াল (৩০) ও দীন ইসলাম (২৬)। টাকা নেওয়ার শর্ত ছিল, ছয় মাসের মধে৵ টাকাটা ফেরত দিতে পারলে জমি ফেরত দেওয়া হবে। পরে সিরাজুল আর নির্দিষ্ট সময়ের মধে৵ সেই টাকাও ফেরত দিতে পারেননি। বসতভিটার ওই জমির দখলও ছাড়েননি।
দীন ইসলাম অভিযোগ করে বলেন, জমি নিয়ে এই বিরোধের জের ধরে গত মঙ্গলবার ভোরে রবিউল তাঁর চাচাতো ভাই আবুল কাশেমকে (৩৫) নিয়ে এসে কল্পনাকে ঘর থেকে ধরে নিয়ে যান। পরে কল্পনাকে রশি দিয়ে একটি গাছের সঙ্গে বাঁধা হয়। তাঁর মাথার চুলও গাছের সঙ্গে পেঁচিয়ে বাঁধা হয়। এ অবস্থায় তাঁর ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। অন্যদিকে দখল নিতে ওই জমিতে চলতে থাকে ঘর তোলার কাজ। এ সময় তিনি কল্পনাকে বাঁচাতে ছুটে যান। কিন্তু আওয়ালের লোকজন দা-বঁটি নিয়ে তাঁকে কোপাতে তেড়ে আসায় আর এগোতে পারেননি।
গত মঙ্গলবার দুপুরে থানার একটি কক্ষে বসে কল্পনা আক্তার এই প্রতিবেদককে বলেন, তিনি ডায়াবেটিসে আক্রান্ত ও দুই মাসের অন্তঃসত্ত্বা। এ কথা বলেও নির্যাতনের হাত থেকে রেহাই পাননি তিনি। গাছের সঙ্গে বাঁধা হলে তাঁর দুই অবুঝ সন্তান সানজিদা (৭) ও কাউসার (২) কাঁদতে কাঁদতে ছুটে আসে মায়ের কাছে। ওদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়।
গৃহবধূর বাড়ির কাছে সুনামগঞ্জ বাজার। সেখানে বসে কথা হয় ঘটনার প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন খানসহ আটজনের সঙ্গে। নাসির উদ্দিন বলেন, একজন নারীকে এভাবে নির্যাতনের শিকার হতে দেখে তিনিসহ কয়েকজন এগিয়ে যান। কিন্তু নির্যাতকদের হাতে ধারালো দা-বঁটি থাকায় কেউ এগিয়ে যেতে সাহস পাননি। কয়েকজন মুঠোফোন দিয়ে দূর থেকে ঘটনাটি ভিডিও করে থানায় খবর পাঠান। পরে পুলিশ এসে নির্যাতিত নারীকে উদ্ধার করে থানায় নেয়। এ সময় অভিযুক্ত রবিউল ও আবুল কাশেমকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।
রবিউল আওয়ালের মা আমিনা খাতুন (৬৫) বলেন, ‘কল্পনার স্বামী সিরাজুল আড়াই বছর আগে তাঁর তিন ছেলের কাছে পাঁচ শতক জমি বিক্রি করেছে। বিক্রি করা জমি এখন সে আর ছাড়তে চাইছে না।’
আওয়ালের স্ত্রী ঝরনা আক্তার (২৫) বলেন, ‘জমির দখল চাইতে গেলেই কল্পনা দা নিয়ে তেড়ে এসে আমাদের ভয় দেখায়। এসব নিয়ে গ্রামে একাধিক সালিস বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। গত মঙ্গলবার কল্পনা আবারও দা নিয়ে ভয় দেখালে আমরা তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখি।’ তবে কল্পনার ওপর নির্যাতন চালানোর অভিযোগ অস্বীকার করেন তিনি।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুজ্জমান বলেন, গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে গৃহবধূকে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাস্থল থেকে আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে।