গৃহবধূকে গুলি করে হত্যা শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা বাকছিপাড়া গ্রামে গত বুধবার রাতে রুমানা খাতুন (২০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। যৌতুক না পেয়ে তাঁকে তাঁর স্বামী গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রুমানার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে জামাতা আওকাত আলী (৩০) ও তাঁর বাবা-মাসহ চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আওকাতের বাবা আবদুল লতিফ ও মা কুলসুম বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুই আসামিকে ধরতে অভিযান চলছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
রুমানার দাদা এজেম উদ্দিন শেখ জানান, রুমানা পাবনা ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। রুমানা পড়ার পাশাপাশি গ্রামের ব্র্যাক স্কুলে শিক্ষকতা করতেন। ভালো ছাত্রী ছিলেন। এসএসসিতে জিপিএ-৪.৭১ পেয়েছেন। এসএসসি পাসের পর প্রতিবেশী আবদুল লতিফের ছেলে আওকাত আলীর সঙ্গে রুমানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরিবারের সদস্যরা বিষয়টি মেনে নেননি। একপর্যায়ে তাঁরা পালিয়ে গিয়ে বিয়ে করেন।
রুমানার মা পলি খাতুন জানান, রুমানা তাঁদের একমাত্র মেয়ে। আওকাত আলী টাইলসের মিস্ত্রি। তাই তাঁরা বিয়েতে রাজি ছিলেন না। তবে মেয়ের সুখের কথা ভেবে পরে তাঁরা বিয়েটা মেনে নেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই আওকাত রুমানার ওপর অত্যাচার শুরু করেন। যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও নগদ টাকা দাবি করতে থাকেন। নিজের ইচ্ছায় বিয়ে করায় প্রথম দিকে রুমানা বিষয়টি কাউকে বলতেন না। ফলে তাঁর ওপর অত্যাচার আরও বেড়ে যায়। একদিন আওকাত তাঁকে বিষ খাইয়ে হত্যার চেষ্টাও করেছেন। একপর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে রুমানা বিষয়টি সবাইকে জানান।
রফিকুল ইসলাম দাবি করেন, শেষ পর্যন্ত যৌতুক না পেয়ে রুমানাকে গুলি করে হত্যা করেছেন আওকাত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাঁড়ারা বাকছিপাড়া গ্রামে পাকা সড়কের পাশেই রুমানাদের বাড়ি। এর পাশেই তাঁর স্বামীর বাড়িতে টিনের একটি ঘর। ঘরটি তালাবদ্ধ। তবে দুটি বাড়ির ভেতরে-বাইরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেছেন।
গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাতে রুমানা ও আওকাতের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাত দুইটার দিকে হঠাৎ করে ওই ঘরে একটি গুলির শব্দ হয়। এতে প্রতিবেশীর ঘুম ভাঙে। সবাই ছুটে এসে দেখে রুমানা রক্তাক্ত ও মৃত অবস্থায় মাটিতে পড়ে আছেন।