গৃহবধূকে ছুরিকাঘাত করে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আন্ধারমুহা গ্রামে গত বুধবার রাতে ইদ্রিস আলী নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ইদ্রিস আলীর স্ত্রীকে ছুরিকাঘাত করে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ঘুঘরাতলী বাজারে ইদ্রিসের মোটরসাইকেলের শোরুম ও মাংসের দোকান রয়েছে। গত বুধবার সন্ধ্যায় ৩ লাখ ৫০ হাজার টাকা বাড়িতে রেখে ইদ্রিস বাইরে যান। রাত সাড়ে নয়টার দিকে ২ থেকে ৪ সদস্যের মুখোশধারী ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা ইদ্রিসের স্ত্রী সাহিদা বেগমকে মারপিট ও ছুরিকাঘাত করে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। রাত ১০টার দিকে বাড়ি ফিরে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখেন ইদ্রিস। তিনি ডাকাতির বিষয়টি থানায় জানিয়ে স্ত্রীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে সাহিদাকে সেখানকার চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।