গৃহবধূকে তুলে নিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৩
ঢাকার আশুলিয়ার চারাবাগ থেকে রোকসানা আক্তার (২২) নামের এক গৃহবধূকে অপহরণের পর হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে নেত্রকোনার দুর্গাপুর থেকে তাঁকে উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রোকসানার ভাশুরের স্ত্রী রুবী বেগম, তাঁদের বাসার ভাড়াটে ওমর ফারুক ও তাঁর স্ত্রী সাজেদা বেগমকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত ওমর ফারুকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
রোকসানা ঢাকার ধামরাইয়ের পাল্লী গ্রামের বদর উদ্দিনের মেয়ে। বছর খানেক আগে চারাবাগের মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। রোকসানা বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে টাকা ভরার কথা বলে রুবী তাঁকে বাসার বাইরে নিয়ে যান। কিছু দূর যাওয়ার পর একটি মাইক্রোবাস এসে তাঁদের সামনে দাঁড়ায়। রুবী জোর করে তাঁকে মাইক্রোবাসে তুলে দেন। কিছুক্ষণের মধ্যে তিনি অচেতন হয়ে পড়েন। এর আগে রুবী তাঁকে দুধের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ান।
রোকসানা বলেন, চেতনা কিছুটা ফিরলে তিনি বুঝতে পারেন তাঁকে সিলেট নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু নেশার ঘোরে তিনি কথা বলতে পারছিলেন না। সিলেটে এক দিন অবস্থানের পর তাঁকে নেত্রকোনার দুর্গাপুরে নেওয়া হয়। ওই এলাকায় ওমর ফারুকের স্ত্রী সাজেদার বাবার বাড়ি। দুর্গাপুরে মাইক্রোবাস থেকে নামিয়ে ওমর ও সাজেদা তাঁকে একটি মোটরসাইকেলে করে নির্জন এলাকায় নিয়ে যান। মোটরসাইকেল থেকে নেমে হেঁটে কিছু দূর যাওয়ার পর সাজেদা তাঁর (রোকসানা) গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেন। একপর্যায়ে লোকজন তাঁদের ধরে পুলিশে সোপর্দ করেন।
দুর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, রোববার রাত ১০টার দিকে সন্দেহের বশে লোকজন ওমর, তাঁর স্ত্রী সাজেদাসহ রোকসানাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ওমর ও সাজেদা জিজ্ঞাসাবাদে রোকসানাকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেন। এ পর্যায়ে বিষয়টি আশুলিয়া থানাকে জানানো হয়।
আশুলিয়া থানার পুলিশ জানায়, সোমবার রাতে রোকসানা, ওমর ও তাঁর স্ত্রীকে আশুলিয়ায় নিয়ে আসা হয়। এরপর রোকসানাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রোকসানার বাবা বদরউদ্দিন মঙ্গলবার আশুলিয়া থানায় মামলা করেন।