গৃহবধূকে দুই বছর আটকে নির্যাতনের অভিযোগ
‘বিয়ের পর থেকে কোনো কারণ ছাড়াই মারধর করত। দুই বছর ধরে তালাবদ্ধ করে ঘরে আটকে রেখেছে। শরীরে সিগারেটের ছ্যাঁকা দিত। মাঝেমধ্যে লাঠি ও কাঠের খণ্ড দিয়ে পেটাত। দুই গালে খুনতির ছ্যাঁকা দিয়েছে। তিন দফায় মাথার চুলও কেটে দিয়েছে।’
কান্নাজড়িত কণ্ঠে এভাবে স্বামীর নির্যাতনের বর্ণনা দিয়েছেন গৃহবধূ আঁখি আক্তার (২০)। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া কাপালিপাড়া গ্রামের মো. এমদাদুল্লাহর (৩০) স্ত্রী। গত সোমবার রাতে শ্বশুরবাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তাঁর মা জাহেদা বেগম রাতেই আঁখির স্বামী, শ্বশুর ওয়াজেদ আলী ও শাশুড়ি হাফিজা বেগমকে আসামি করে থানায় মামলা করেন। হাফিজাকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী বলেন, ঘরের দরজার বাইরে গ্রিলের তালা ভেঙে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। দুজন আসামি পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ, মামলার এজাহার ও পরিবার সূত্রের বিবরণ অনুযায়ী, চার বছর আগে পরিবারের অমতে এমদাদুল্লাহ ও আঁখি বিয়ে করেন। বিয়ের কয়েক মাস না যেতেই এমদাদুল্লাহ স্ত্রীকে মারধর শুরু করেন। যৌতুকের দাবিতে শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। বাবা-মার অমতে বিয়ে করায় আঁখি বিষয়টি স্বজনদের কাউকে জানাননি। আঁখির শ্বশুর নির্যাতনের বিষয়টি জেনেও নীরব থাকতেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখা যায়, আঁখি হাসপাতালে ভর্তি। তাঁর হাত ও পায়ে সিগারেটের ছ্যাঁকা ও আঘাতের চিহ্ন। ছ্যাঁকার চিহ্ন কিছুটা অস্পষ্ট। বাম হাতে লাঠির আঘাতের চিহ্ন অনেকটা স্পষ্ট।
হাসপাতালের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট জাহাঙ্গীর সারোয়ার বলেন, আঁখির শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। দীর্ঘদিন আগের হওয়ায় ছ্যাঁকার চিহ্নগুলো অস্পষ্ট।
আঁখি বলেন, জেলা শহরের একটি বিপণিবিতানে তাঁর স্বামীর মুঠোফোন মেরামতের দোকান রয়েছে। পরকীয়ার অজুহাতে সকাল ১০টার দিকে দোকানে যাওয়ার সময় তাঁকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে তালাবদ্ধ রাখা হতো। রাত নয়টার দিকে বাড়িতে এসে তালা খুলে ঘরে ঢুকত। দুই বছর ধরে তাঁকে ঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় রাখা হয়। তিন দফায় তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়। এতে সহযোগিতা করতেন তাঁর শাশুড়ি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। গালে খুনতির ছ্যাঁকাও দিয়েছে।
আঁখি আরও বলেন, নির্যাতনের চিৎকার শুনে প্রতিবেশীরা এলে তাঁদের বাড়িতে ঢুকতে দেওয়া হতো না। গত শুক্রবার সকালে কাঠের টুকরো দিয়ে তাঁকে বেদম আঘাত করা হয়।
আঁখির বাবা আলী আকবর বলেন, ‘আমার মেয়েকে পাষণ্ডের মতো নির্যাতন করা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ ব্যাপারে কথা বলার জন্য এমদাদুল্লাহর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।