গৃহবধূকে দোররা মারার ঘটনায় গ্রেপ্তার ৩
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের এক গৃহবধূকে দোররা মারার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার পাতাড়ি ইউনিয়নের কলমুডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম (৬৮), নেয়াজ উদ্দীন সরকার (৬৩) ও ফারুক হোসেন (৩৭)।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের এক যুবকের সঙ্গে ওই গৃহবধূর সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ এনে তাঁর স্বামী গ্রামের মাতবরদের কাছে বিচার দাবি করেন। এরপর ৭ জুন সকালে সালিস বৈঠক বসে।
বৈঠক শেষে সালিসের বিচারক ইয়াহিয়া মণ্ডল, সাইফুল ইসলাম, সাজাহান ও মতিউর রহমান ওই গৃহবধূ ও যুবককে ১০১টি করে বেত্রাঘাত (দোররা) করার রায় দেন। রায় অনুযায়ী ওই যুবককে বিচারক মতিউর রহমানের ছেলে
আনোয়ার হোসেন এবং গৃহবধূর বাবা তাঁর মেয়েকে ১০১টি বেত্রাঘাত করেন। এ ঘটনায় গত সোমবার রাতে ওই গৃহবধূ আটজনের নাম উল্লেখ করে সাপাহার থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।