সুনামগঞ্জের তাহিরপুরে এক গৃহবধূ (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক সালিসে অভিযুক্ত দুজনকে সাজা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় একদিকে অপমান, অন্যদিকে সালিসকারীদের এ রকম বিচারে ক্ষোভে ও অভিমানে আত্মহত্যা করেছেন বিপর্যস্ত স্বামী। পুলিশ সন্দেহভাজন দুই ধর্ষক ও সালিসকারীদের পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের গৃহবধূ ও তাঁর বাবা ধর্ষণ এবং সালিসের ওই অভিযোগ করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, গত সোমবার রাতে গৃহবধূর স্বামী (২৫) গ্রামের পাশে হাওরে মাছ ধরতে যান। বাসায় তখন গৃহবধূ একা ছিলেন। রাত দুইটার দিকে গ্রামের রূপেশ সরকারের ছেলে রাজীব সরকার (১৮) ও মৃত জগবন্ধু সরকারের ছেলে অমল সরকার (৩০) বাসার বাইরে থেকে গৃহবধূর স্বামীকে ডাকেন। এ সময় ওই নারী দরজা খুললে তাঁরা জোর করে ভেতরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। স্বামী ভোরে হাওর থেকে ঘরে ফিরলে ভয়ে-লজ্জায় স্ত্রী বিষয়টি তাঁকে জানাননি।
গৃহবধূ ও তাঁর বাবা বলেন, ঘটনার পরদিন সন্ধ্যায় স্বামীকে হাওরে মাছ ধরতে যাওয়ার জন্য ডাকতে আসেন রাজীব ও অমল। এ সময় গৃহবধূ তাঁদের দেখে ক্ষুব্ধ হন ও স্বামীকে বিষয়টি জানান। এ নিয়ে পরদিন বুধবার গ্রামে সালিস বসে। এতে সাজা হিসেবে রাজীব ও অমলকে ৫০ হাজার টাকা জরিমানা এবং গৃহবধূর ব্যবহৃত জুতা তাঁদের গলায় পরানো হয়। বিকেলে বাবার বাড়ির লোকজন এসে গৃহবধূকে নিয়ে যান। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্বামী ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টায় এসে লাশ থানায় নিয়ে যায়।
ধর্ষণের অভিযোগের এ ঘটনায় তাহিরপুর থানায় দুটি মামলা হয়েছে। পুলিশ সুপার মো. হারুন অর রশিদ গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।’
গতকাল সকাল ১০টার দিকে তাহিরপুর থানায় গিয়ে দেখা যায়, গৃহবধূ বারান্দায় বসে বিলাপ করছেন। সঙ্গে তাঁর বাবা। মেয়ের আহাজারিতে তিনিও কাঁদছেন। তখন গৃহবধূ বলেন, ‘আমার সব শেষ হইয়া গেছে। মানসম্মানের সঙ্গে স্বামীও হারাইলাম।’
বাবা বলেন, মেয়ের বিয়ে দিয়েছেন এক বছরও পুরো হয়নি। দরিদ্র পরিবার হলেও মেয়ে বিয়ের পর সুখেই ছিল। তিনি জানান, সালিস বৈঠকে মেয়ের স্বামী কোনো কথাই বলেননি। মনমরা হয়ে বসে ছিলেন। বৈঠকের পর মেয়ের মনের অবস্থা চিন্তা করে তিনি তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান। রাতেই খবর পান মেয়েজামাই আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, বুধবার রাতে সালিসকারী কাজল তালুকদার (৩৫), জয়ন্ত সরকার (৩২), কৃপাসিন্ধু তালুকদার (৭০), ফখরুদ্দিন (৬০) ও রফিকুল ইসলাম তালুকদারকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদনগর গ্রাম থেকে রাজীব ও অমলকেও গ্রেপ্তার করা হয়। সালিসকারীদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি দুজনকেও আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তার হওয়া সালিসকারীরা বলেন, রাজীব ও অমল দোষ স্বীকার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। থানাহাজতে থাকা রাজীব ও অমল দাবি করেন, তাঁরা ধর্ষণের চেষ্টা করেছেন। ধর্ষণ করেননি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, পুলিশের কাছে রাজীব ও অমল ধর্ষণের কথা স্বীকার করেছেন। সালিস বৈঠকের পর মানসিকভাবে বিপর্যস্ত স্বামী ক্ষোভে ও অভিমানে আত্মহত্যা করেছেন।
ওসি জানান, ধর্ষণের অভিযোগ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করে নির্যাতিত নারীর বাবা বাদী হয়ে থানায় দুটি মামলা করেছেন। মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এঁদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।