গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার পারকোলা গ্রামের এক গৃহবধূ আজ রোববার ভোরে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি মামলা করেছেন। পুলিশ তিন ব্যক্তিকেই গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: উপজেলার মাদলা উত্তরপাড়া গ্রামের বেল্লাল হোসেন (৩৮), চুনিয়াখালী পাড়া গ্রামের জাহাঙ্গীর ওরফে ছোট গেদা (২৪) ও একই গ্রামের সজীব (২০)। তাঁরা সবাই পেশায় শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই গৃহবধূ ভোর পাঁচটার দিকে তার ভাড়া বাসা থেকে হামলাকোলা গ্রামের একটি ফ্যাক্টরিতে রান্নার কাজে যাচ্ছিলেন। পথে মামলায় আসামি তিন জন রূপপুর থানার ঘাট করতোয়া সেতুর পশ্চিম থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাঁর হাত পা বেঁধে পালিয়ে যায়। সকালে অন্য শ্রমিকেরা ওই স্থানে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ওই গৃহবধূর দেওয়া তথ্য অনুযায়ী দ্রুত অভিযান চালিয়ে তিনজন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। ওই তিনজন ধর্ষণের কথা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে। ওই গৃহবধূকে পুলিশ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।