গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, স্বামীসহ ১২ জন আসামি
ভোলায় এক গৃহবধূ (২২) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার ভোলা থানায় গৃহবধূর স্বামীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গৃহবধূর বাবার বাড়ি নোয়াখালীর সোনাপুর উপজেলায়।
মামলার এজাহার ও গৃহবধূর ভাষ্য অনুযায়ী, মাস তিনেক আগে ভোলা পৌর এলাকায় তাঁর বিয়ে হয়। চার-পাঁচ দিন আগে স্বামী তাঁকে নিজ বাড়িতে না উঠিয়ে পৌর এলাকার এক যৌন ব্যবসায়ীর বাড়িতে ওঠান। সেখানে তাঁকে দিয়ে যৌন ব্যবসা করার চেষ্টা করা হয়। এতে রাজি না হওয়ায় স্বামীর বন্ধুরা ও কয়েকজন তাঁকে ধর্ষণ করেন। দুই দিন পর যৌন ব্যবসায়ীর ছেলে তাঁকে বাড়িতে দিয়ে আসার কথা বলে অন্যত্র নিয়ে ধর্ষণ করেন। পরে তাঁকে গত সোমবার রাতের কোনো এক সময় পৌর এলাকার গরুর হাটের টোলঘরে ফেলে যান। পুলিশ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক সুমাইয়া আক্তার বলেন, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে গৃহবধূ সংজ্ঞা হারিয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা হলে আরও নিশ্চিত হওয়া যাবে।
জানতে চাইলে অভিযুক্ত যৌন ব্যবসায়ী বলেন, তিনি এর কিছুই জানেন না। তাঁর ছেলে খুব ভালো, শুধু গাঁজা খান। তিনি এসব ঘটনা ঘটাতে পারেন না।
ভোলা সদর থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, গৃহবধূ সুস্থ হয়ে গতকাল বুধবার ভোলা সদর থানায় ১২ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছেন।
তবে পলাতক থাকায় এ বিষয়ে গৃহবধূর স্বামীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।