গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ছিনিয়ে নিলেন স্বজনেরা
যশোরের শার্শা উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে (৩৩) ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে। শুক্রবার ভোরে ধর্ষণের ঘটনাটি ঘটেছে, এমন অভিযোগে ওই গৃহবধূর স্বামী মামলাটি করেন। ওই মামলায় প্রতিবেশী আবদুল গফফারকে (৪০) আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শারীরিক প্রতিবন্ধী ওই গৃহবধূ শুক্রবার ভোরে শৌচাগারে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হন। এ সময় প্রতিবেশী আবদুল গফফার তাঁর মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ওই গৃহবধূর চিৎকারে তাঁর স্বামী ও প্রতিবেশীরা এসে হাতেনাতে তাঁকে আটক করেন। পরে গফফারের ভাইয়েরা এসে গৃহবধূর আত্মীয়-স্বজনকে মারধর করে তাঁকে ছিনিয়ে নিয়ে যান। যাওয়ার সময় তাঁরা গৃহবধূর পরিবারের লোকজনকে হত্যার হুমকিও দেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, শারীরিক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূকে শনিবার যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।