গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ওই গৃহবধূকে কিশোরগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবারের ওই ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 

মামলা না নেওয়ার অভিযোগের ব্যাপারে আজ বুধবার যোগাযোগ করা হলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান মুঠোফোনে বলেন, ‘ওই গৃহবধূর জবানবন্দি ছাড়া মামলা নেওয়া যাবে না। এ ছাড়া গৃহবধূ ছাড়া অন্য কাউকে এ মামলায় বাদী করা যাবে না।’ ওই গৃহবধূ তো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কীভাবে থানায় আসবেন?—এ প্রশ্ন করা হলে ওসি কোনো উত্তর না দিয়ে ফোনের লাইন কেটে দেন।

ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, তিনি আজ বুধবার বেলা তিনটার দিকে নান্দাইল মডেল থানায় গিয়ে লিখিত এজাহার জমা দেন। কিন্তু পুলিশ বিভিন্ন অজুহাতে তা মামলা হিসেবে গ্রহণ করেনি।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূর প্রতিবেশী এক নারী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘এক বখাটে এই জঘন্য কাম কইরা বীরদর্পে গ্রামে ঘুরতাছে। আর গৃহবধূর স্বামী বিচার চাইয়া মাইনষের দুয়ারে দুয়ারে ঘুরতাছে। এইডা কী রহম দেশ অইয়া গেছে। গরিব মাইনষ্যের মান-ইজ্জত নাই?’
গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক সোহেল মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরিবারের অন্য লোকজনের কাছ থেকে মুঠোফোন নম্বর সংগ্রহ করে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।