গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা

মাগুরা সদর উপজেলায় ঈদের ছুটিতে বেড়াতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের পর নগ্ন ছবি ও ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করার অভিযোগে আজ রোববার সদর থানায় মামলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ঢাকায় মিরপুরে একটি ফ্ল্যাটে সাবলেট হিসেবে ভাড়া থাকেন ধর্ষণের শিকার নারী ও তাঁর স্বামী। একই বাসায় ভাড়া থাকার সুবাদে ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তাঁদের। সে সুবাদেই ঈদে মাগুরায় বেড়াতে আসেন ওই নারী। ওই গৃহবধূ জানিয়েছেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে বাড়ির বাইরে আসেন তিনি। এ সময় স্থানীয় লিটু মোল্লা (২৭), রেজোয়ান মোল্লা (২১) ও শামিম বিশ্বাস (২১) তাঁকে জোর করে পাটখেতে নিয়ে যান। সেখানে লিটু মোল্লা তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের পর তাঁর নগ্ন ছবি ও ভিডিওচিত্র ধারণ করেন লিটু। এরপর ওই নারীর স্বামীকে ফোন করে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে নগ্ন ছবি ও ভিডিওচিত্র প্রকাশ করার হুমকি দেন লিটু মোল্লা।
জানতে চাইলে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, অপহরণ করে ধর্ষণ ও ধর্ষণে সহায়তা করা এবং নগ্ন ছবি ও ভিডিও চিত্র ধারণ ও চাঁদা দাবির অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।